আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে অংশ নিয়ে দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে শরীয়তপুরের প্রতিনিধিত্ব করতে যুক্তরাজ্যের লন্ডনে যাচ্ছেন জাজিরা উপজেলার তিন স্কাউট।
জাজিরা উপজেলার সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের স্কাউট গ্রুপের ইউনিট লিডার শহীদুল ইসলাম এবং স্কাউট সদস্য তাহসিন আহমেদ লুবান ও সামিয়া খান এ আন্তর্জাতিক আয়োজনে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।
আগামী ২৩ থেকে ২৬ জুলাই লন্ডনের ঐতিহাসিক গিলওয়েল পার্কে অনুষ্ঠিত হবে ৩য় মুসলিম স্কাউট ফেলোশিপ আন্তর্জাতিক জাম্বুরি। এতে বিশ্বের ২২টিরও বেশি দেশের স্কাউট সদস্যরা অংশ নেবেন।
বাংলাদেশ স্কাউটসের একটি কন্টিনজেন্ট বুধবার (২২ জুলাই) সকাল ৬টায় যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করবে। বাংলাদেশ প্রতিনিধিদলের হেড অব কন্টিনজেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ স্কাউটসের কোষাধ্যক্ষ প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। তাঁর নেতৃত্বে ১২ জন অ্যাডাল্ট লিডার ও ১৯ জন স্কাউট সদস্য এ আন্তর্জাতিক জাম্বুরিতে অংশ নেবেন।
চার দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য থাকছে ক্যাম্পিং, স্কাউটিং কার্যক্রম, দক্ষতা উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময় এবং আন্তর্জাতিক বন্ধুত্ব গড়ে তোলার নানা সুযোগ। স্কাউটিংয়ের ঐতিহাসিক স্থান গিলওয়েল পার্কে অনুষ্ঠিত এ জাম্বুরির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের স্কাউটদের মধ্যে ভ্রাতৃত্ব, সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া আরও জোরদার হবে বলে আশা করছেন আয়োজকরা।
মুসলিম স্কাউট ফেলোশিপ ২০০৫ সাল থেকে যুক্তরাজ্যে নিয়মিত গ্রীষ্মকালীন ক্যাম্প আয়োজন করে আসছে। উত্তর ও দক্ষিণ অঞ্চলে অনুষ্ঠিত এসব ক্যাম্পে প্রতিবছর প্রায় তিন হাজার তরুণ অংশ নেওয়ার সুযোগ পান। খেলাধুলা, প্রশিক্ষণ কর্মশালা, বহিরাঙ্গণ অভিযান ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে তরুণদের নেতৃত্বগুণ, আত্মবিশ্বাস ও সামাজিক দায়বদ্ধতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এসব আয়োজন।
আন্তর্জাতিক জাম্বুরিতে অংশ নেওয়ার অনুভূতি জানিয়ে ইউনিট লিডার শহীদুল ইসলাম বলেন, আন্তর্জাতিক এমন একটি ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ পেয়ে আমি গর্বিত। এই সফর আমাদের অভিজ্ঞতা ও জ্ঞানের পরিধি আরও বিস্তৃত করবে।
জাজিরা উপজেলা স্কাউটসের সম্পাদক মতিউর ইসলাম সেলিম বলেন, বাংলাদেশ স্কাউটস আমাদের উপজেলার সদস্যদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্বের সুযোগ দেওয়ায় আমরা কৃতজ্ঞ। আশা করি, তারা নতুন অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে দেশের জন্য সম্মান বয়ে আনবে।
শরীয়তপুর জেলা স্কাউটসের কমিশনার সঞ্জীব চন্দ্র কর্মকার বলেন, আন্তর্জাতিক জাম্বুরিতে অংশগ্রহণের অভিজ্ঞতা তাদের স্কাউটিং কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে এবং নতুন প্রজন্মকে স্কাউটিংয়ে উদ্বুদ্ধ করবে।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান বলেন, শরীয়তপুর জেলা থেকে জাজিরার তিনজন স্কাউট সদস্য এমন একটি আন্তর্জাতিক প্রোগ্রামে অংশগ্রহণ করবে, এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। ভবিষ্যতে জাজিরার স্কাউটের উন্নয়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

