নারায়ণগঞ্জ ফতুল্লার ডিএনডি অভ্যন্তরীণ ইসদাইরর এলাকার জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের দাবি জানিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে ফতুল্লার ইসদাইর উদ্দীপ্ত তরুণ সংঘের পক্ষ থেকে ওই স্মারকলিপি প্রদান করা হয়।
সংগঠনের নেতৃবৃন্দরা জানান, ফতুল্লা ইসদাইর এলাকাটি ডিএনডির অভ্যন্তরীণ এলাকা। এখানে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। বিশেষ করে এলাকার পাটোয়ারী বাড়ি থেকে মিছির আলি মেম্বার বাড়ি হয়ে রেল লাইন পর্যন্ত প্রায় ২৩০ মিটার এলাকায় ড্রেনেজ সমস্যা প্রকট। এ সমস্যা সমাধানে উল্লেখিত স্থানে নতুন ড্রেন নির্মাণ জরুরি। একই সাথে যানজট সমস্যা নিয়েও আলোচনা করা হয়। যানজট নিরসনে ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ফতুল্লার ইসদাইর বাজার এলাকার অস্থায়ী রেল ক্রসিংয়ে ৩ জন ট্রাফিক পুলিশ নিয়োগের জন্য অনুরোধ জানানো হয়।
সংগঠনের নেতৃবৃন্দরা জানান, পুরো বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন রিয়াজুর ইসলাম সুমন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড মেম্বার আউয়াল, মানিক হোসেন পুক্কু, ইসদাইর উদ্দীপ্ত তরুণ সংঘের সভাপতি মেহেরাব হোসেন অপু, সাধারণ সম্পাদক আল আমীন, সহ-সভাপতি আবু তালেব পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক রাফসান জানি, প্রচার সম্পাদক আকাশ, নিলয়, জাকির, হিরা, ফরিদ প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

