পুলিশের ধারণা ডাকাতি নয় ছিনতাই

মানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে মারধর, মিলল গুলির খোসা

মানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে মারধর, মিলল গুলির খোসা
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ সদর উপজেলার ভারাড়িয়া ইউনিয়নের পূর্ব সানবান্দা এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ী ও তার ছেলেকে মারধর করে রুপা, স্বর্ণ ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

শুক্রবার রাত সাড়ে ৯টায় পূর্ব সানবান্দা পালপাড়া লোকনাথ মন্দিরসংলগ্ন ইট সোলিং রাস্তায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ভুক্তভোগীরা হলেন—পূর্ব সানবান্দা বাজারের স্বর্ণ ব্যবসায়ী পতিত পবন শীল (৭৩) ও তার ছেলে প্রবীর কুমার শীল (৩২)। তাদের সহায়তা করতে গিয়ে আহত হন একই এলাকার মনোরঞ্জন পাল (৫০)।

ভুক্তভোগীদের দাবি, রাতে বাড়ির দিকে যাওয়ার সময় বাড়ির কিছুটা আগে কয়েক ব্যক্তি তাদের পথ রোধ করে মারধর করেন। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৫০ থেকে ৬০ ভরি রুপা, দুই আনা স্বর্ণ ও ৮৫ হাজার টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।

পতিত পবন শীলের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে রড বা শক্ত কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে তাদের সহায়তা করতে এগিয়ে গেলে মনোরঞ্জন পালও আঘাত পান।

ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। সেটি ইটের দুই অংশের মাঝ থেকে পাওয়া যায়। তবে ঘটনাস্থলে গুলি চালানো হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ভুক্তভোগীরা চারজনকে দেখেছেন বলে দাবি করলেও পুলিশ এখন পর্যন্ত চারজনের উপস্থিতির বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পায়নি। এ ছাড়া ঘটনার শুরুতে পুলিশকে দেওয়া তথ্যের সঙ্গে পরবর্তী বক্তব্যে কিছু অসংগ

তিও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাস্থলে যাওয়া মানিকগঞ্জ সদর থানার এসআই মো. সাঈদ বলেন, ঘটনার শুরুতে ভুক্তভোগীরা পুলিশকে যে তথ্য দিয়েছিলেন, পরবর্তী সময়ে তাদের বক্তব্যে কিছু অসংগতি পাওয়া গেছে। এ কারণে বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। প্রাথমিকভাবে এটি ডাকাতির ঘটনা নয়, বরং ছিনতাই হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

তিনি আরও বলেন, আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রকৃত ঘটনা ও জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন