টঙ্গীতে খালে গোসল করতে নেমে প্রাণ গেল ভাই-বোনের

টঙ্গীতে খালে গোসল করতে নেমে প্রাণ গেল ভাই-বোনের
ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের খালে গোসল করতে নেমে পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে টঙ্গী পশ্চিম থানাধীন বাকরাল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো—আব্দুল্লাহ (৬) ও তার বড় বোন সুমাইয়া (৮)। তারা বাকরাল গ্রামের মাসুমের বাড়ির ভাড়াটিয়া মো. রাব্বি শেখ ও রাবেয়া দম্পতির সন্তান। তাদের স্থায়ী বাড়ি পটুয়াখালী জেলার দশমিনা থানার গছানি এলাকায়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে আব্দুল্লাহ ও সুমাইয়াসহ তিন শিশু বাকরাল গ্রামের পাশে তুরাগ নদের খালসংলগ্ন জলাশয়ে গোসল করতে নামে। এ সময় পানির প্রবল স্রোতে দুই ভাই-বোন তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা অপর এক শিশু সাঁতরে তীরে উঠে আসে। পরে সে স্থানীয় লোকজন ও নিহতদের পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।

খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তারা জলাশয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেল ৩টার দিকে দুই শিশুর লাশ উদ্ধার করেন।

খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ এখলাছ উদ্দিন ফরাজী রোববার সন্ধ্যা ছয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহত দুই শিশুর সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন