আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর

জুলাইযোদ্ধা ফয়সালের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা

জুলাইযোদ্ধা ফয়সালের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা

আমার দেশে সংবাদ প্রকাশের পর জুলাইযোদ্ধা ফয়সাল হাওলাদারের উন্নত চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন। বুধবার সকাল ১০টায় তিনি ফয়সালের হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় ইউএনও ফয়সালের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং চিকিৎসায় পাশে থাকার পূর্ণ আশ্বাস দেন।

বিজ্ঞাপন

সহযোগিতার চেক গ্রহণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন ফয়সাল হাওলাদার। তিনি জানান, ২০২৪ সালের ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার সময় আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসীদের হামলার শিকার হন তিনি। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাতের রগ কেটে দেয়। এতে মারাত্মক আহত হয়ে দীর্ঘদিন ধরে তিনি পঙ্গুত্ব ও চরম আর্থিক সংকটে ভুগছিলেন।

ফয়সাল বলেন, হামলার পর থেকে আমার ডান হাত স্বাভাবিকভাবে কাজ করছে না। চরম আর্থিক অনটনের কারণে উন্নত চিকিৎসা করাতে না পারায় হাতটি চিরতরে পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এমন পরিস্থিতিতে আমার অসহায়ত্ব তুলে ধরে সম্প্রতি দৈনিক আমার দেশে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

তিনি আরো জানান, সংবাদটি নজরে আসার পর ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী তার অস্ত্রোপচারের (অপারেশন) ব্যবস্থা করেন। তবে অস্ত্রোপচার-পরবর্তী নিয়মিত ওষুধ ও চিকিৎসার ব্যয় বহন করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল।

উপজেলা প্রশাসনের সহযোগিতার বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে ফয়সাল বলেন, প্রতিদিন আমাকে অনেক টাকার ওষুধ খেতে হয়, যা কেনার মতো সামর্থ্য আমার নেই। এমন কঠিন মুহূর্তে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার আমার পাশে দাঁড়িয়েছেন। এই অনুদান আমার চিকিৎসার জন্য অনেক বড় সহায়ক হবে।

চেক হস্তান্তরকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, ‘আমার দেশে প্রকাশিত প্রতিবেদনটি পড়ে ফয়সালের প্রতি সমবেদনা জাগে এবং তার চিকিৎসার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিই। আজ তার হাতে অনুদানের চেক তুলে দিতে পেরে ভালো লাগছে।’

ইউএনও আরো বলেন, ‘অর্থের অভাবে এই বীর তরুণের চিকিৎসা যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে আমরা সাধ্যমতো চেষ্টা করব। পরবর্তীতে তার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন