সরকার ও দেশের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্র চলছে: রিজভী

সরকার ও দেশের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্র চলছে: রিজভী

দেশে ও বিদেশে বসে একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একইসঙ্গে ষড়যন্ত্র ও অপচেষ্টা প্রতিহত করতে আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা বলয় গড়ে তোলার জন্য সরকার সার্বিক উদ্যোগ নিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের বেগম হাসিবা উচ্চ বিদ্যালয়ের ২৯তম বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

রুহুল কবির রিজভী বলেন, হিন্দু সম্প্রদায়ের ভাইবোনেরা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে তাদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী স্থানীয় প্রশাসনকে বারবার নির্দেশনা দিয়েছেন। অন্যদিকে দলের পক্ষ থেকে জাতীয় কমিটি গঠন করে পূজা উদযাপন কমিটির সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপি নেতাকর্মীদের প্রতিটি পূজামণ্ডপ কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ, পাহারার ব্যবস্থা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষায় সহযোগিতা করতে বলা হয়েছে।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের প্রশংসা করে রিজভী বলেন, শিক্ষার প্রসারে যারা কাজ করেন, তারা অত্যন্ত মহৎ ব্যক্তি। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা খন্দকার সামছুল আলম পোখরাজ এলাকায় বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে একটি মহৎ কাজ করে গেছেন। বিদ্যালয়ের বিস্তৃত মাঠ ও শিক্ষার পরিবেশ দেখে তিনি মুগ্ধ হয়েছেন বলেও জানান।

অনুষ্ঠানের প্রধান বক্তা ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, এ দেশ সবার। প্রত্যেকে নিজ নিজ ধর্ম ও জীবনধারা অনুযায়ী চলবে। কেউ কারো ধর্মকে ছোট করে দেখবে না। যন্ত্রাইল ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি উল্লেখ করে তিনি বলেন, এলাকার মানুষ তাকে বারবার ভালোবাসা ও সমর্থন দিয়েছেন।

বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি খন্দকার আবু হাসান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা ও বিদ্যালয়ের সাবেক সভাপতি তাহমিনা আদনান। এছাড়া উপস্থিত ছিলেন দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম হোসেন, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, নবাবগঞ্জ থানার ওসি আবু হানিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন