জলাবদ্ধতা অবসানে এলাকাবাসীর অর্থায়নে ড্রেন নির্মাণ

জলাবদ্ধতা অবসানে এলাকাবাসীর অর্থায়নে ড্রেন নির্মাণ
শ্রীপুরের হনুমান মার্কেট থেকে ডেকো গার্মেন্ট অভিমুখে রাস্তার বেহাল দশা । আমার দেশ

সরকারি বরাদ্দ বা সংশ্লিষ্ট দপ্তরের উদ্যোগের অপেক্ষায় না থেকে দীর্ঘ প্রায় দুই যুগের জলাবদ্ধতার দুর্ভোগ দূর করতে নিজস্ব অর্থায়নে ড্রেন নির্মাণ করছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকার বাসিন্দারা।

স্থানীয়দের দাবি, প্রায় ৪০টি পরিবারের যৌথ অর্থায়নে বাস্তবায়ন হওয়া এ উদ্যোগ দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে কার্যকর ভূমিকা রাখবে। তবে প্রশাসনের দাবি, অনুমতি ছাড়াই সড়ক কেটে ড্রেন নির্মাণ করা হয়েছে। স্থানীয়দের ভাষ্য, মাওনা-ধনুয়া আঞ্চলিক সড়কের ওই অংশে বছরের পর বছর বৃষ্টির পানি জমে থাকায়, এলাকাটি কার্যত জলাবদ্ধতার স্থায়ী কেন্দ্রে পরিণত হয়েছিল। এতে আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, পোশাক কারখানার হাজারো শ্রমিক, ব্যবসায়ী, পথচারী ও যানবাহনের চালকদের প্রতিদিন দুর্ভোগ পোহাতে হতো।

বিজ্ঞাপন

স্থানীয় স্কুল-কলেজ শিক্ষার্থী রাকিবুল ইসলাম, সুজন, মর্জিনা ও আলপনা আক্তার জানান, বছরের চার থেকে পাঁচ মাস সড়কের নিচু অংশ পানির নিচে থাকত। অনেক সময় রিকশা কিংবা সাইকেলও চলতে পারত না। কাদা পানিতে পড়ে পোশাক নষ্ট হওয়ায়, স্কুল-কলেজে যেতে না পারার ঘটনাও ঘটেছে। তাদের মতে, স্থানীয়দের এই উদ্যোগ দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির পথ তৈরি করবে।

মুদি ব্যবসায়ী ইসমাইল হোসেন বলেন, নির্মাণকাজ চলাকালে সাময়িক ভোগান্তি থাকলেও কাজ শেষ হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে। জনপ্রতিনিধি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সময়মতো উদ্যোগ নিলে এলাকাবাসীকে নিজেদের অর্থ ব্যয় করতে হতো না।স্থানীয় বিএনপি নেতা ও মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুল ইসলাম সরকার বলেন, সড়ক সংস্কারের সময় ড্রেন নির্মাণ করাই সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত। এলাকাবাসীর সম্মিলিত এই উদ্যোগ জনস্বার্থে অত্যন্ত প্রশংসনীয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন