মসজিদ থেকে বের হওয়ার সময় গুলিতে ‘শীর্ষ সন্ত্রাসী’ নিহত

রাজবাড়ী প্রতিনিধি

মসজিদ থেকে বের হওয়ার সময় গুলিতে ‘শীর্ষ সন্ত্রাসী’ নিহত
পিয়ারুল ইসলাম। ছবি: সংগৃহীত

রাজবাড়ী জেলা শহরের পৌর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে পিয়ারুল ইসলাম (৩০) নামে এক ‘শীর্ষ সন্ত্রাসী’ নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে শহরের সজ্জনকান্দা মধ্যপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত পিয়ারুল সরদার রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া এলাকার হারান শেখের ছেলে। তিনি শহরের কাজিকান্দা এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে সজ্জনকান্দা মধ্যপাড়া গ্রামের একটি মসজিদ থেকে এশার নামাজ আদায় করে বের হন পিয়ারুল। এ সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, নিহত পিয়ারুল পুলিশের তালিকাভুক্ত একজন অপরাধী। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ অন্তত ১৫টি বিভিন্ন অপরাধের মামলা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ীর পুলিশ সুপার জানান, পিয়ারুলকে হত্যার নেপথ্যে এলাকায় পূর্বশত্রুতা কিংবা অপরাধজগতের অভ্যন্তরীণ কোন্দল রয়েছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল মাঠে কাজ শুরু করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন