ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ২৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ঈসা ও সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন করা হয়।
নতুন কমিটিতে আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিমকে পুনরায় সভাপতি এবং আইয়ুব মোল্লাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়াও, এমওএম তৈমুর লং, বিটু মুন্সী ও মাসুদ রানা আজিমকে জ্যেষ্ঠতার ভিত্তিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী হাবিবুর রহমান, শাহরিয়া ইসলাম শায়লা, মোস্তফা কামাল, অ্যাডভোকেট রুহুল আমিন, বিল্লাল কাজী, অহিদ চৌধুরী, মিজানুর মুন্সী ও ফারুকুজ্জামান ছোট্টু।
স্থানীয় বিএনপি সূত্র জানায়, চলতি বছরের ২৪ জুন জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ভাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছিল। এর দুই মাস পর, ৩১ আগস্ট, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ভাঙ্গা উপজেলা বিএনপির এই আংশিক কমিটি ঘোষণা করে।
নতুন কমিটি গঠন করায় স্থানীয় নেতাকর্মীরা কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং ফরিদপুর-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শহিদুল ইসলাম বাবুল খানকে অভিনন্দন জানিয়েছেন। তারা মনে করেন, বাবুল খান ও জেলা বিএনপির সমন্বয়ে একটি সুন্দর কমিটি উপহার দেওয়া হয়েছে।
পুনরায় সভাপতি নির্বাচিত হয়ে আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে, তিনি দলের অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিশেষ করে বাবুল খানকে ধন্যবাদ জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

