কালকিনিতে ইসহাক হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

কালকিনি, ডাসার (মাদারীপুর) প্রতিনিধি


কালকিনিতে ইসহাক হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন
কালকিনিতে সংবাদ সম্মেলন। ছবি: আমার দেশ

মাদারীপুরের কালকিনিতে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় নিহত সেই বৃদ্ধ মো. এসহাক সরদার (৭৫) হত্যা মামলার বাকি সব আসামিকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ঘন্টাব্যাপী ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর ব্যানারে নিহতের বাড়ির সামনে একর্মসূচি পালন করা হয়।

মামলা ও নিহতের পরিবার জানায়, পৌরসভার উত্তর জনারদন্দী গ্রামের নশাই সরদারের ছেলে এসহাকের সঙ্গে একই এলাকার ঝালু মোল্লার দীর্ঘদিন পূর্বশত্রুতা চলছিল।

বিজ্ঞাপন

গত ২২ আগস্ট রাতে এসাহাক মোল্লা একা পাশের দোকান থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় পথে ওত পেতে থাকা ঝালু মোল্লার নেতৃত্বে তুহিন মোল্লা, পারভেজ মোল্লা, রবিউল মোল্লা, লিমন মোল্লাসহ বেশ কয়েকজন মিলে এসহাকের পথরোধ করে। এরপর তারা অতর্কিতভাবে হামলা চালায় এসহাক সরদারকে কুপিয়ে জখম করে দুই পায়ের রগ কেটে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে গত ১৫ সেপ্টেম্বর দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় কালকিনি থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার।

এ মামলার প্রধান আসামি তুহিন মোল্লাকে রাজধানী ঢাকা থেকে পলাতক অবস্থায় গ্রেপ্তার করে পুলিশ। তবে বাকি সব আসামিকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নিহতের পরিবার-এলাকাবাসী সংবাদ সম্মেলন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

এই কর্মসূচিতে বক্তব্য রাখেন আলাউদ্দিন সরদার, সাবেক কাউন্সিলর ইয়াসমিন খানম, ইসমাইল, নিহতের মেয়ে ফাহিমা বেগম। এসময় উপস্থিত বক্তারা বলেন, আমাদের একটাই দাবি ইসাহাক সরদারের সব আসামিকে দ্রুত গ্রেফতার করেতে হবে। আসামিদের দৃষ্টান্তমুলক বিচার চাই আমরা।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, এসাহাক হত্যা মামলার প্রধান আসামি তুহিন মোল্লাকে পলাতক অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন