আ.লীগের নেতাকর্মীদের আশ্রয় দেওয়ার কথা স্বীকার বিএনপি নেত্রীর, ফতুল্লায় তোলপাড়

আ.লীগের নেতাকর্মীদের আশ্রয় দেওয়ার কথা স্বীকার বিএনপি নেত্রীর, ফতুল্লায় তোলপাড়

চব্বিশের গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরও নারায়ণগঞ্জের ফতুল্লার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীর অবস্থান নিয়ে যে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছিল, তার নতুন সত্যতা মিলল। এতদিন এই বিষয়ে নানামুখী সমালোচনা চললেও এবং আর্থিক সুবিধার বিনিময়ে আওয়ামী লীগ নেতাদের নিরাপদ অবস্থানের অভিযোগ বিএনপি নেতারা অস্বীকার করে আসলেও, অবশেষে প্রকাশ্যেই তা স্বীকার করে নিয়েছেন নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সহসভাপতি রোজিনা আক্তার।

বিজ্ঞাপন

গতকাল শুক্রবার বিকেলে ফতুল্লার মাসদাইর এলাকায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এই তথ্য প্রকাশ্যে স্বীকার করেন।

সমাবেশে রোজিনা আক্তার বলেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম। কারণ, আমরা বিগত ১৭ বছর যেভাবে নির্যাতনের শিকার হয়েছি, তারাও যেন সেভাবে নির্যাতনের শিকার না হন। কিন্তু মাত্র ছয় মাসের মধ্যেই আপনারা পাগল হয়ে গেছেন, পাড়া-মহল্লায় অরাজকতা শুরু করেছেন। এখন আর আপনাদের শান্তিতে থাকতে দেওয়া হবে না।

রোজিনা আক্তারের এই অনভিপ্রেত ও বিস্ফোরক মন্তব্যের পর ফতুল্লার রাজনীতিতে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। বিশেষ করে ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের কথিত যোগাযোগ, সমঝোতা ও বৈঠক নিয়ে বাজারে যে গুঞ্জন ছিল, তার এই বক্তব্যের মাধ্যমে তা নতুন করে আলোচনায় উঠে এসেছে।

এর আগে আওয়ামী লীগের স্থানীয় প্রভাবশালী নেতা শামীম ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রহমত উল্লাহ ওরফে কাইল্লা রকমত-এর সঙ্গে বিএনপির কয়েকজন নেতার একটি গোপন বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল, যাতে রোজিনা আক্তারকেও দেখা যায়। সে সময় ৫০ লাখ টাকার বিনিময়ে রকমতকে আত্মগোপনে থাকার ব্যবস্থা করে দেওয়ার অভিযোগ উঠলেও রোজিনা আক্তার তা অস্বীকার করেছিলেন। তবে শুক্রবারের সমাবেশে তার সরাসরি দেওয়া ‘আমরাই আপনাদের বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম’ বক্তব্যটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র প্রতিক্রিয়া ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

এদিকে দীর্ঘ আন্দোলন-সংগ্রামে নির্যাতন ও নিপীড়নের শিকার বিএনপির মাঠপর্যায়ের একাংশ নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে কোনো প্রকার ছাড় না দিয়ে কঠোর ও আইনি অবস্থানের দাবি পুনর্ব্যক্ত করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন