গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে রিম্পা (২১) নামে এক নারী বন্দি পালিয়ে গেছেন। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ কোনাবাড়ি থানায় মামলা দায়ের করেছে।
পালিয়ে যাওয়া বন্দি রিম্পা মেহেরপুর জেলার গাংনী উপজেলার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের একটি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।
কোনাবাড়ি থানার ওসি মো. ইফতেখার হোসেন জানান, কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এক নারী বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় শুক্রবার কারা কর্তৃপক্ষ থানায় একটি মামলা দায়ের করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কারা সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে বন্দিদের উপস্থিতি গণনার সময় একজন বন্দিকে খুঁজে পাওয়া যায়নি। পরে হিসাব মিলিয়ে দেখা গেলে রিম্পা নামে ওই নারী বন্দি কারাগার থেকে পালিয়ে গেছেন বলে নিশ্চিত হওয়া যায়।
ঘটনার পর কারা কর্তৃপক্ষ বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পলাতক বন্দিকে গ্রেপ্তারের চেষ্টা শুরু করে।
এ বিষয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
পলাতক বন্দিকে গ্রেপ্তারে পুলিশ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

