মধুখালীতে জমকালো নৌকাবাইচ ও মাদকবিরোধী কনসার্ট অনুষ্ঠিত

মধুখালীতে জমকালো নৌকাবাইচ ও মাদকবিরোধী কনসার্ট অনুষ্ঠিত
ছবি: আমার দেশ

‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও মাদকবিরোধী কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকালে উপজেলার কামারখালী ব্রিজসংলগ্ন গড়াই নদীতে জমকালো এই নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এছাড়া পাশেই কামারখালি বাজারে মাদকবিরোধী কনসার্ট অনুষ্ঠিত হয়। নৌকাবাইচ ও কনসার্ট ঘিরে নদীর দুই পাড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

আয়োজক কমিটির প্রধান মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান সাংবাদিকদের জানান, দীর্ঘদিন পর মধুখালীতে নৌকাবাইচের আয়োজন করা হয়েছে। পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে অনুষ্ঠিত হবে মাদকবিরোধী কনসার্ট। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধিই এ আয়োজনের মূল উদ্দেশ্য। আজকের অনুষ্ঠান ঘিরে নদীর দুইপাড়ে যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।

নৌকাবাইচ শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি।

উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক আব্দুল আলী মানিক, কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন