গাজীপুরের টঙ্গীতে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের হামলায় মাসুদ (৩০) নামের এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাত ১০টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোজাম্মেল হোসেন (৩০), আশরাফুল ইসলাম (২৪), নাইম মিয়া (২৮), সোহাগ (৩০) এবং আদর (২১)।
পুলিশ জানায়, রোববার রাতে অভিযান চালিয়ে কেরানীরটেক বস্তি থেকে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রানীর ছেলে পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে টঙ্গী রেলওয়ে স্টেশন দিয়ে থানায় নিয়ে আসার পথে দুর্বৃত্তরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা পুলিশের ওপর এলোপাতাড়ি পাথর নিক্ষেপ করে হাতকড়া পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নেয়।
পরে অতিরিক্ত পুলিশ নিয়ে টঙ্গীর বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার কর হয়। তবে পলাতক রাহুলকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকসুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাঁচটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেপ্তারের পর থানায় নিয়ে আসার সময় সন্ত্রাসীরা হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এ সময় কনস্টেবল মাসুদ আহত হন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

