ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বিএনপির সংরক্ষিত নারী এমপি হেলেন জেরিন খানের সুপারিশে স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. আব্দুর রউফকে মাদরাসার সভাপতি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। প্রতিবাদে রোববার দুপুরে মাদরাসার সামনে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
আব্দুর রউফ বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক বলে জানা গেছে। তার রাজনৈতিক পরিচয় সামনে আসার পর মাদরাসার সভাপতি মনোনয়ন নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর পাঠানো এক ডিও লেটারে আব্দুর রউফ খানকে মাদরাসার সভাপতি করার সুপারিশ করেন সংসদ সদস্য হেলেন জেরিন খান। চিঠিতে তাকে শিক্ষিত ও উপযুক্ত ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়। পরে ৮ অক্টোবর বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের স্বাক্ষরে ছয় মাসের জন্য চার সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।
তবে এর আগে গত ৬ অক্টোবর হাবিবুর রহমানকে সভাপতি মনোনীত করে বোর্ড থেকে চিঠি আসে । দুই দিন পর ৮ অক্টোবর আব্দুর রউফ খানকে সভাপতি মনোনীত করে আরেকটি চিঠি আসে। পরপর দুটি চিঠি আসার বিষয়টিও স্থানীয়দের মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে।
রোববারের মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের পদধারী একজন নেতাকে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি করায় তারা ক্ষোভ প্রকাশ করেন। তারা অবিলম্বে আব্দুর রউফ খানকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন ঘোষপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ইমদাদুল হক ডাবলু, মো. খলিলুর রহমান, বাবলু শেখ, ঘোষপুর ইউনিয়ন কৃষকদলের সদস্য মো. জাফর, রফিকুল ইসলামসহ অন্যরা।
সংসদ সদস্য হেলেন জেরিন খান বলেন, ‘আমার কাছে পক্ষ-বিপক্ষের সুপারিশ এসেছে। তবে আব্দুর রউফ খান একজন শিক্ষিত লোক। এজন্য তাকে ডিও লেটার দেওয়া হয়েছে। তবে তিনি কোন দল করতেন, তা আমার জানা নেই।’
আব্দুর রউফ খানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি ফরিদপুরে একটি কাজে গিয়েছেন। তার রাজনৈতিক পদ সম্পর্কে জানতে চাইলে পরে এসে কথা বলবেন বলে জানান।
মাদরাসার অধ্যক্ষ মো. ইউনুস আলী খান বলেন, সভাপতি পদে যারা মনোনয়নের জন্য আবেদন করেছেন, তাদের সবার আবেদনই আমি কেন্দ্রে পাঠিয়েছি। কর্তৃপক্ষ যাকে সভাপতি হিসেবে মনোনীত করবে, তাতে আমার কোনো আপত্তি নেই।’
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

