বিএনপি সরকার ‘সংখ্যালঘু’ শব্দে বিশ্বাস করে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিএনপি সরকার ‘সংখ্যালঘু’ শব্দে বিশ্বাস করে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশে উন্নয়নের ধারা শুরু হয়েছে এবং এই উন্নয়নের ধারায় প্রতিটি নাগরিক সমানভাবে অংশীদার থাকবে। বিএনপি সরকার ‘সংখ্যালঘু’ শব্দে বিশ্বাস করে না। আমরা সবাই মিলেমিশে দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নেব। এই সাম্য ও ভ্রাতৃত্ববোধ যেন সারাজীবন বজায় থাকে, সৃষ্টিকর্তার কাছে সেটাই চাই। মানুষ হিসেবে পরিচয় দেওয়াটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়।’

বিজ্ঞাপন

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নিজের নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলা সদরের কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিকালে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় মণ্ডপ পরিদর্শন শেষে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং ব্যক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান করেন।

এ সময় সালথা সাহাপাড়া পূজামণ্ডপে পৌঁছালে নবগঠিত উপজেলা যুবদলের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘পূজার সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ ও প্রশাসন দিন-রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে। আমাদের মায়েরা যাতে স্বাধীনভাবে আনন্দ ও নিরাপত্তার সঙ্গে উৎসব পালন করতে পারেন, সে বিষয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে সমঅধিকার নিয়ে বসবাস করবে এবং উন্নয়নের ছোঁয়া ও নিরাপত্তা পাবে।’

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের সভাপতিত্বে মণ্ডপ পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ, ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর এবং বিএনপি নেতা খায়রুল বাসার আজাদ প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন