গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য উপজেলার ৩২ টি মাদ্রাসা ও এতিমখানায় ১৫ হাজার কেজি লবণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ লবণ বিতরণ করা হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম বিল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই লবন বিতরণ করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনসার আলীসহ বিভিন্ন মাদ্রাসার মোহতামিমগণ উপস্থিত ছিলেন।
রাজিয়া খাতুন কওমী মহিলা মাদ্রাসা ও এতিমখানার মোহতামিম ক্বারী বশির বিন সামসুদ্দিন বলেন, সংরক্ষণ করে রাখার অভাবে ঈদের দিনই কোরবানির পশুর সংগৃহীত চামড়াগুলো বিক্রি করে দিতে হয়। এতে আমরা অনেক সময় দাম কম পাই।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম বিল্লাহ বলেন, প্রতিটি এলাকার ধর্মপ্রাণ মুসলমান ব্যক্তিরা তাদের কোরবানির পশুর চামড়াগুলো সাধারণত মাদ্রাসা ও এতিমখানায় দিয়ে থাকেন। এই চামড়াগুলো সংরক্ষণের অভাবে তারা ঈদের দিনই কম দামে বিক্রি করে থাকেন। এতে মাদ্রাসা ও এতিমখানা চামড়ার ন্যায্যমূল্যে থেকে বঞ্চিত হয়। তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য এ লবণ দেওয়া হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

