ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম-সলিমগঞ্জ আঞ্চলিক সড়ক তিনমাসেই সংস্কার শেষে চালু করা হয়েছে। সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে সড়কে বক্স কালভার্ট উদ্বোধন করেন স্থানীয় এমপি আব্দুল মান্নান।
উদ্বোধনের পরই শ্যামগ্রাম-সলিমগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অবসান হয় শ্যামগ্রাম, বড়িকান্দি, সলিমগঞ্জ ইউনিয়নসহ বাঞ্ছারামপুর উপজেলার লক্ষাধিক মানুষের যাতায়াতে দুর্ভোগ।
গত ২৭ মে ঈদের আগের দিন টানা ভারী বৃষ্টির পানির চাপে শ্যামগ্রাম ইউনিয়নের বগাহানী গ্রামের সামনে সড়কটি ভেঙে যায়। এতে জেলা ও উপজেলা সদরের সঙ্গে ওই এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এ নিয়ে আমার দেশে সংবাদ প্রকাশের পর ২৯ মে অ্যাডভোকেট আবদুল মান্নান ক্ষতিগ্রস্ত সড়কটি পরিদর্শন করেন। এ সময় তিনি জরুরি ভিত্তিতে সেখানে বক্স কালভার্ট নির্মাণের কাজ শুরু করার নির্দেশনা দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোহাম্মদ জসিম, উপজেলা নির্বাহী প্রকৌশলী ফেরদৌস আলী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
উপজেলা নির্বাহী প্রকৌশলী ফেরদৌস আলী আমার দেশকে মুঠোফোনে বলেন, ‘এমপি মহোদয় ও জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক সহযোগিতা পাওয়ার কারণে এত অল্প সময়ে কালভার্ট নির্মাণকাজ শেষ করে সড়কের যোগাযোগব্যবস্থা পুনরায় সচল করতে পেরেছি। এটাই আমাদের কাজের সফলতা।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

