নারায়ণগঞ্জের আড়াইহাজারের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ১৫ মামলার আসামি ডালিম এবং তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
সোমবার সকাল ১১টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ি বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে এলাকার শত শত নারী পুরুষ অংশ নেয়।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে ডালিম এলাকায় ডাকাতি, মাদক বিক্রি এবং সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। কেউ প্রতিবাদ করলে ডালিম ও তার সহযোগীরা লোকজনকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। তার অন্যায় অত্যাচারে অতিষ্ঠ হয়ে উপায়ান্ত না পেয়ে তার বিচার এবং গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।
এলাকাবাসী আরো জানান, তার নামে ডাকাতি, অস্ত্র ও মাদকসহ থানায় ১৫টি মামলা রয়েছে।
সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ডালিমের বিরুদ্ধে আমরা অনেক অভিযোগ পেয়েছি। অনতিবিলম্বে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

