বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে এক পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে মাদারীপুরের শিবচর থেকে চালককে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার বিকেলে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার লাল মিয়া ওরফে মামুন শিবচর উপজেলার পূর্ব সন্ন্যাসীরচর এলাকার জহুর উদ্দিন মোল্লার ছেলে।
র্যাব জানায়, ৯ ফেব্রুয়ারি বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পোনাবালুর মাঠ সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে দায়িত্ব পালন করছিল পুলিশ। এ সময় পুলিশের স্পিডগান মেশিনের মাধ্যমে প্রাইভেটকারের অতিরিক্ত গতি শনাক্ত হয়। এতে প্রাইভেটকারকে থামার সংকেত দেন দায়িত্বরত পুলিশ সদস্য।
একপর্যায়ে গাড়ির গতি কমিয়ে পুলিশ সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন চালক। একই সঙ্গে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে এক পুলিশ সদস্যকে চাপা দেন। এতে ওই পুলিশ সদস্যের ডান পা ভেঙে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা।
এ ঘটনার পর পুলিশ ও স্থানীয়রা ধাওয়া করলে কিছু দূর গিয়ে প্রাইভেটকার ফেলে পালিয়ে যান চালক। পরে যৌথ অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে শিবচর থেকে লাল মিয়াকে গ্রেপ্তার করে র্যাব-৮ ও র্যাব-৬। তাকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

