ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

ঢাকার ধামরাইয়ে এক প্রেমিকার বাড়ি থেকে কাজী সাঈম নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই তরুণী ও তার মাকে আটক করা হয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের পাচলক্ষী গ্রামের মৃত বদর উদ্দিন মধুর বাড়ি থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাঈম চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। দীর্ঘদিন ধরে পাচলক্ষী গ্রামের ওই তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। বুধবার সকালে ওই বাড়িতে সাঈমের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন।

খবর পেয়ে ধামরাই থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে ঘটনার নেপথ্যের রহস্য উদঘাটনে ওই তরুণী ও তার মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, সাঈমের মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এবং তদন্ত শেষ হলেই মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘটনাটি কেন্দ্র করে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাঈমের মৃত্যুর সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন