নরসিংদীতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়ন লিগ অনুষ্ঠিত

নরসিংদীতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়ন লিগ অনুষ্ঠিত

‘মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে’ নরসিংদী জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়ন লিগ-২০২৬’। গতকাল রোববার দিনব্যাপী পুলিশ লাইন্স স্কুল মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জেলার ৭টি থানা থেকে বালক ও বালিকা বিভাগের মোট ১৪টি দল অংশগ্রহণ করে।

বিজ্ঞাপন

দিনভর হাড্ডাহাড্ডি লড়াই শেষে ছেলেদের ফাইনাল খেলায় শিবপুর থানা দলকে পরাজিত করে বেলাবো থানা দল চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে, মেয়েদের ফাইনাল প্রতিযোগিতায় শিবপুর থানা দলকে হারিয়ে বিজয়ী হয় পলাশ থানা দল।

খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ-আল-ফারুক (বিপিএম) প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশিকুর রহমান, সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মুনসুর, পলাশ থানার ওসি শাহেদ আল মামুন, বেলাবো থানার ওসি এস এম আমান উল্লাহ এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-র ওসি আবুল কায়েস আকন্দসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন