মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের প্রতিবাদে কটিয়াদীতে জামায়াতের বিক্ষোভ

মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের প্রতিবাদে কটিয়াদীতে জামায়াতের বিক্ষোভ

বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানকারী নবীন সদস্য ও সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের গচিহাটা বাজারে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন। তারা আখতারুজ্জামান রঞ্জনের মুক্তির দাবি জানান।

বিক্ষোভ মিছিলটি গচিহাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজারে আয়োজিত প্রতিবাদ সভায় অংশ নেন নেতাকর্মীরা।

সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু হানিফার সভাপতিত্বে এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শাহর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন গচিহাটা বাজার বণিক সমিতির সভাপতি জিয়া উদ্দিন জীবন, ব্যবসায়ী মো. মানিক মিয়া, সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান আরজু, মুফতি সফিউল্লাহসহ স্থানীয় নেতাকর্মীরা।

বক্তারা আখতারুজ্জামান রঞ্জনের গ্রেপ্তারের প্রতিবাদ জানান এবং অবিলম্বে তার মুক্তির দাবি করেন। একই সঙ্গে তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা আইনানুগ প্রক্রিয়ায় নিষ্পত্তির আহ্বান জানান তারা।

এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার একটি বাসা থেকে আখতারুজ্জামান রঞ্জনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেয় বলে তার দলীয় সূত্রে জানানো হয়।

তার গ্রেপ্তারের খবর কটিয়াদীতে ছড়িয়ে পড়লে স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতেই রাতে গচিহাটা বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

কর্মসূচিতে স্থানীয় জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন