আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাদারীপুরে সংঘর্ষে নিহতের ঘটনায় ৮৬ জ‌নের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপুরে সংঘর্ষে নিহতের ঘটনায় ৮৬ জ‌নের বিরুদ্ধে মামলা

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় ৮৬ জনকে আসামি করে মামলা দায়ের করেছে নিহতের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের লোকজন আলমগীর হাওলাদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় বুধবার (১১ মার্চ) দুপুরে নিহতের স্ত্রী রেখে বেগম বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় ৮৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় এখন পর্যন্ত বোরহান ও মাসুদ নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যরা কাজ করছেন।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নতুন মাদারীপুর গ্রামের মনিরুজ্জামান আক্তার হাওলাদার পক্ষ ও হাসান মুন্সী পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগে ২০২৫ সালের ২৩ মার্চ শ্রমিক দলের পাল্টাপাল্টি কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ওই সময় কুপিয়ে হত্যা করা হয় হাসান মুন্সীর ভাই সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি শাকিল মুন্সীকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন