এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এনা পরিবহনের একটি বাসের পেছনে হানিফ পরিবহনের আরেকটি বাসের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে হানিফ পরিবহনের বাসের ভেতরে কয়েকজন যাত্রী আটকে পড়েন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের দরজা ভেঙে তাদের উদ্ধার করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে হাসাড়া যাত্রীছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে হানিফ পরিবহনের বাসের দরজা ভেঙে ভেতরে আটকে পড়া যাত্রীদের নিরাপদে বের করে আনা সম্ভব হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, সামনে থাকা একটি মোটরসাইকেলকে বাঁচাতে এনা পরিবহনের বাসটি হঠাৎ ব্রেক করলে পেছন থেকে আসা হানিফ পরিবহনের বাসটি সেটিকে সজোরে ধাক্কা দেয়। অতিরিক্ত গতির কারণে হানিফ পরিবহনের চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনাকবলিত এনা পরিবহনের বাসটি ঢাকা থেকে কুয়াকাটা এবং হানিফ পরিবহনের বাসটি খুলনার উদ্দেশে যাচ্ছিল। ফায়ার সার্ভিসের দ্রুত ও দক্ষ উদ্ধার তৎপরতায় বাসে আটকে পড়া যাত্রীদের অলৌকিকভাবে ও নিরাপদে উদ্ধার করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন