নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। সংঘর্ষে নিখোঁজ থাকা লতিফ মোল্লা (৩২)-এর লাশ মেঘনা নদী থেকে উদ্ধার করার পর এ তথ্য নিশ্চিত হয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০–৬০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১টার দিকে উপজেলার নিলক্ষা ইউনিয়নের হরিপুর গ্রামের সংলগ্ন মেঘনা নদী থেকে লতিফ মোল্লার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি নিলক্ষা ইউনিয়নের বীরগাঁও গ্রামের কান্দাপাড়া এলাকার শহীদ মিয়ার ছেলে। তিনি গত সপ্তাহে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছিলেন। তার ১০ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার ভোরে রায়পুরার নিলক্ষা ইউনিয়নের হরিপুর ও দড়িগাঁও গ্রামের নাজিম উদ্দিন ও আলাল মুন্সি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। টেঁটা, দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে কয়েক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। এ সময় কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
সংঘর্ষের দিন ওসমান মেম্বারের ছেলে অনিক মিয়া (২০) নিহত হন। পরদিন বুধবার শাহ আলমের ছেলে কাউসার আহমেদ (৩৭)-এর লাশ উদ্ধার করা হয়। এরপর বৃহস্পতিবার লতিফ মোল্লার লাশ উদ্ধারের মাধ্যমে নিহতের সংখ্যা তিনজনে দাঁড়ায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নিলক্ষা ইউনিয়নে নাজিম উদ্দিন (মিষ্টার) ও আলাল মুন্সি (জবা মেম্বার) গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই মঙ্গলবার ভোর থেকে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে কিছু যুবক ও কিশোরকে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরে আগ্নেয়াস্ত্র হাতে অবস্থান করতে দেখা যায় বলে স্থানীয়রা জানান। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে অনিক মিয়া, রাজু (২৮), সুমন (৩৫), কাশেম (২৫), মোবারক হোসেন (৩৩)সহ অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকায় পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় অনিক মিয়ার মৃত্যু হয়।
রায়পুরা থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, “নিলক্ষা ইউনিয়নের সংঘর্ষে এখন পর্যন্ত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত অনিকের মা নাসিমা খাতুন বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ ৫০–৬০ জন অজ্ঞাতকে আসামি করে মামলা করেছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

