জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে চব্বিশের ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে নতুন সংসদের কাছে জনগণের প্রত্যাশা বেড়েছে। জাতীয় সংসদ জনগণের আস্থার প্রতীক বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (১৭ জুলাই) ফরিদপুরের ভাঙ্গায় ব্যক্তিগত সফরে এসে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেনের বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এর আগে উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাউতিকান্দা এলাকার জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন ডেপুটি স্পিকার।
কায়সার কামাল বলেন, পতিত সরকারের সময় জাতীয় সংসদ অকার্যকর অবস্থায় পরিচালিত হলেও বর্তমানে সরকারি দল ও বিরোধী দলের সমন্বয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের কল্যাণমুখী রাজনীতি চর্চা হচ্ছে।
তিনি আরও বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সংসদকে কার্যকর করতে হবে। সংসদীয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতার সহযোগিতায় দলমতের ঊর্ধ্বে থেকে সংসদকে কার্যকর করার জন্য কাজ করা হচ্ছে।
ডেপুটি স্পিকার বলেন, সংসদ, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ—এই তিনটি অঙ্গের সমন্বয়ের মাধ্যমে আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি বলেন, যে বাংলাদেশের স্বপ্নে পূর্বপুরুষরা ত্যাগ স্বীকার করেছেন এবং চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা রক্ত দিয়েছেন, সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে।
তিনি জনগণের ধৈর্য ও সহযোগিতা কামনা করে বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এগিয়ে নিতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
এ সময় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল, জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মুন্সি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম ও ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুরসহ অনেকে উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

