ফতুল্লা থানা বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

ফতুল্লা থানা বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা আওতাধীন সাংগঠনিক এলাকা সমূহে বিএনপির সদস্য পদ নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে পাগলা এলাকার সিসিলি কমিউনিটি সেন্টারে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

বিজ্ঞাপন

ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, জেলা বিএনপির সদস্য নাদিম হাসান মিঠু, একরামুল কবীর মামুন। টিটু তার বক্তব্যে বলেন, যারা বিগত দিনে আওয়ামী লীগের সাথে আঁতাত করেছেন এমনকি আওয়ামী লীগের কারো সাথে ছবি রয়েছে, এমন কাউকে দলে নতুন ভাবে অন্তর্ভুক্ত করা হবে না। এমনকি বর্তমান কোনও কমিটিতেও এমন কেউ থাকলে তাদেরকেও দল থেকে বাদ দেয়া হবে। আর যদি কেউ বিতর্কিত এমন কাউকে দলে অন্তর্ভুক্ত করে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেন এ বিপ্লবী নেতা।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩ টি ক্যাটাগরিতেই আগামীর নির্বাচনে নমিনেশন দেয়া হবে। বিগত দিনে যারা আওয়ামী রোষানলে পড়ে হামলা-মামলার শিকার হয়েছেন, তাদেরকেই দল থেকে মূল্যায়ন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, জুলাই অভুত্থ্যানে ফ্যাসিবাদ সরকারের পতন হওয়ার পর তাদের দোসররা অনেকেই রয়ে গেছেন। কিন্তু আমরা আইন হাতে তুলে নেইনি। তারা এখনো নিজ নিজ এলাকায় আছেন। আমাদের এই সদস্য সংগ্রহ অভিযানে সেই সব দোসররা যেনো সদস্য হতে না পারে সেদিকে দৃষ্টি রাখবেন। এ ক্ষেত্রে ইউনিট প্রধানরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। যদি ফ্যাসিবাদের কোন দোসর সদস্য হয়, সেটা যদি জানতে পারি তাহলে সংশ্লিষ্ট ইউনিট প্রধানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন, বিএনপি অনেক বড় দল। এই দলে অনেক যোগ্য প্রার্থী আছেন সংসদ নির্বাচন করার মতো। তবে চূড়ান্তভাবে দল যাকে মনোনয়ন দেবে আমাদের সবার উচিত তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করা। সে পর্যন্ত কেউ যেনো দলে বিভেদ সৃষ্টি না করি। যদি কেউ বিভেদ সৃষ্টির চেষ্টা করে তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন