রাজৈরে পুলিশের কাছ থেকে ছিনতাই হওয়া ৩০ রাউন্ড বুলেট উদ্ধার

রাজৈরে পুলিশের কাছ থেকে ছিনতাই হওয়া ৩০ রাউন্ড বুলেট উদ্ধার

মাদারীপুরের রাজৈরে কনস্টেবলকে মারধর করে ছিনতাই হওয়া শর্টগানের ৩০ রাউন্ড বুলেট উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার কদমবাড়ি এলাকা থেকে এসব বুলেট উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিষয়টি শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নিশ্চিত করেছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম। তিনি জানান, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৯ মে) ভোররাতে রাজৈরের কদমবাড়ি ইউনিয়নের দীঘিরপাড় এলাকায় মহামানব গণেশ পাগল সেবাশ্রমের আয়োজনে চলমান কুম্ভমেলায় দায়িত্ব পালনকালে দুই পুলিশ কনস্টেবল মেহেদী হাসান ও জুবায়ের হাসানের সঙ্গে একদল জুয়াড়ির হাতাহাতি হয়। একপর্যায়ে জুয়াড়িরা তাদের ওপর হামলা চালিয়ে কনস্টেবল মেহেদী হাসানকে মারধর করে এবং তার সঙ্গে থাকা সরকারি শর্টগানের ৩০ রাউন্ড বুলেট ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তদন্ত ও উদ্ধার অভিযান শুরু করেন। পরে বিকেলেই মেলার আয়োজক সংগঠনের সভাপতি মিরন বিশ্বাসসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। ঘটনার পরদিনই কনস্টেবল মেহেদী হাসান ও জুবায়ের হাসানকে মাদারীপুর জেলা পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়।

কনস্টেবল মেহেদী হাসান জানান, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তিনি বর্তমানে পুলিশ লাইন্সে আছেন। তবে ঘটনার সময় তার সঙ্গে কারা ছিলেন জানতে চাইলে তিনি ফোন কেটে দেন। অন্যদিকে কনস্টেবল জুবায়ের হাসানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, বুলেটগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন