বিমানবন্দরে আটক টাঙ্গাইলের যুবলীগ ক্যাডার টগর

বিমানবন্দরে আটক টাঙ্গাইলের যুবলীগ ক্যাডার টগর

টাঙ্গাইলের গোপালপুর পৌর যুবলীগের সভাপতি টগর মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে জেলার মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়া কলেজছাত্র মো. ইমন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল শনিবার এ তথ্য নিশ্চিত করে মির্জাপুর থানা পুলিশ। গ্রেপ্তার টগর মিয়া পৌর শহরের নন্দনপুর গ্রামের হাছেন আলীর ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানায় অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটে। ওই সময় গুলিতে গোপালপুর উপজেলার নলিন গ্রামের জুলহাস মিয়ার ছেলে ইমন নিহত হন। ওই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মির্জাপুর থানায় হত্যা মামলা করেন। এতে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী আহসানুল ইসলাম টিটু ও সাবেক সাত এমপিসহ ১৫৭ জনের নাম উল্লেখ এবং আরো ৪০০-৫০০ জনকে অজ্ঞাত পরিচয়ের আসামি করা হয়।

বিজ্ঞাপন

ওই মামলায় টগর ৬৬ নম্বর এজাহারভুক্ত আসামি। ৫ আগস্টের পর গোপনে সৌদি আরব চলে যান টগর। দীর্ঘ আট মাস বিদেশে থাকার পর শুক্রবার রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে আটক করে। পরে খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ তাকে নিয়ে আসে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গিয়াস উদ্দিন জানান, সাত দিনের রিমান্ড চেয়ে এজাহারভুক্ত আসামি টগরকে শনিবার টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ডব্লিউএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন