গাজীপুরের টঙ্গীতে দুই ছিনতাইকারীকে আটক করে তাদের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটে। আটক দুই ছিনতাইকারীকে বুধবার দুপুরে গাজীপুর আদালতে পাঠায় পুলিশ।
আটক ছিনতাইকারীরা হলেন টঙ্গীর এরশাদনগর এলাকার দিদার হোসেনের ছেলে নাজমুল হোসেন (২৪) এবং একই এলাকার মোস্তফা কামালের ছেলে সুমন (২৬)।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলেজগেট এলাকায় মোটরসাইকেলযোগে এসে দুই ছিনতাইকারী এক পথচারীর কাছ থেকে মোবাইল, টাকা ও মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় আশপাশের লোকজন তাদের আটক করে টঙ্গীর বনমালা এলাকায় নিয়ে গণধোলাই দেন। পরে ছিনতাইকাজে ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
খবর পেয়ে পুলিশ গণধোলাইয়ের শিকার দুই ছিনতাইকারীকে উদ্ধার করে টঙ্গীর শহীদ সরকারি হাসপাতালে চিকিৎসা শেষে টঙ্গী পশ্চিম থানায় নিয়ে যায়।
টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, পুড়ে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। আটক দুই ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা দায়ের শেষে গাজীপুর আদালতে পাঠানো হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

