ভ্যানচালককে মারধরের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

উপজেলা প্রতিনিধি, সালথা (ফরিদপুর)

ভ্যানচালককে মারধরের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

ফরিদপুরের সালথায় ভ্যানচালককে মারধরের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ১০ থেকে ১৫টি বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। সংঘর্ষকারীরা এসময় পাট খড়ির গাদা ও একটি ট্রলিতে অগ্নিসংযোগ করে।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ ও কাউলিকান্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ এলাকার বাসিন্দা ও ভ্যানচালক বাবু তালুকদার (২২) কাউলিকান্দা স্ট্যান্ড এলাকায় গেলে তাকে হাবিবুর রহমান হাবির সমর্থকরা মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে কাউলিকান্দা এলাকার হাবিবুর রহমান হাবির পক্ষের সঙ্গে ইব্রাহিম মোল্যা সমর্থিত গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ১০-১৫ টি বাড়িতে হামলা ও ভাংচুর চালানো হয়। সংঘর্ষকারীরা একটি খড়ির গাদা ও একটি ট্রলিতে আগুন ধরিয়ে দিলে এলাকায় ধোঁয়ার সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন