মাদারীপুরে আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি পরিবেশ পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যরা। বুধবার সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলায় ঘুরে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তারা।
পরিদর্শনকালে ইইউ প্রতিনিধিদল প্রিজাইডিং কর্মকর্তা, নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে ভোটারদের সঙ্গে কথা বলেন তারা। বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেছেন ইইউ সদস্যরা।
এ সময় নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তা ও প্রিজাইডিং কর্মকর্তারা নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
ইইউ’র লং টার্ম অবজারভার ইভা মোল্ট ও সদস্য লার্স জিরং ফরডাল জানান, মাদারীপুরের তিনটি সংসদীয় আসন তারা পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে। তারা আরো জানান, এই দুই সদস্যের দলটি এক মাস ধরে মাদারীপুরের বিভিন্ন এলাকা ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। নির্বাচন শেষে আগামী ১৪ ফেব্রুয়ারি প্রাথমিক প্রতিবেদন এবং দুই মাস পর পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, মাদারীপুরের তিনটি সংসদীয় আসনে মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার ৩৮১টি ভোটকেন্দ্রের মধ্যে ২২৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং ১৫৭টি কেন্দ্রকে সাধারণ হিসেবে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। জেলায় মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৪৮ হাজার ৩২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯৫ হাজার ৩০৮ জন, নারী ভোটার ৫ লাখ ৫৩ হাজার ৭ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১২ জন।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে প্রতিটি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে ৩ জন অস্ত্রধারী পুলিশ, ৩ জন নিরস্ত্র আনসার ও ১০ জন লাঠিধারী আনসার সদস্য মোতায়েন থাকবেন। সাধারণ ভোটকেন্দ্রে থাকবেন ২ জন নিরস্ত্র পুলিশ, ২ জন নিরস্ত্র আনসার ও ১১ জন লাঠিধারী আনসার সদস্য।
এছাড়া জেলায় প্রায় ৬০০ সেনাসদস্য টহল ও নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কাজ করছেন। প্রতিটি উপজেলায় ১০০ জন করে সেনাসদস্য মোতায়েন থাকবেন, যার মধ্যে সদর উপজেলায় থাকবেন ২০০ জন। পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি ও অর্ধশত র্যাব সদস্য দায়িত্ব পালন করবেন।
ভোটগ্রহণ প্রক্রিয়া তদারকিতে ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এর মধ্যে মাদারীপুর-১ আসনে ৭ জন, মাদারীপুর-২ আসনে ৭ জন এবং মাদারীপুর-৩ আসনে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। এছাড়াও দায়িত্ব পালন করবেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

