মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর এলাকায় স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে আউলিয়ারচর ৭ নম্বর ওয়ার্ডে নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। রাতে স্বামী-স্ত্রী খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার পর পারিবারিক কলহের জেরে ঘরে থাকা একটি ধারালো দা দিয়ে জোবেদা বেগমের গলা কেটে হত্যা করা হয়।
খবর পেয়ে খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নি.) রিপন আলী খান ও কালকিনি থানার এসআই (নি.) বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়।
পুলিশের তথ্যমতে, অভিযুক্ত সুলতান সরদার দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। তবে এ বিষয়ে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যাচাই করা হবে।
কালকিনি থানার ওসি জহিরুল আলম বলেন, আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শেষ করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরসহ অন্যান্য আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

