নরসিংদীতে নিজ প্রতিষ্ঠানের ভেতরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদীতে নিজ প্রতিষ্ঠানের ভেতরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরা উপজেলায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরে ঢুকে রফিকুল ইসলাম মুন্সি (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলার মির্জানগর ইউনিয়নের হাঁটুভাঙ্গা স্টেশন-সংলগ্ন ভাই ভাই স্টোরে এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম মুন্সি স্থানীয় সাহারাজ খলিফার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টাইলস ও নির্মাণসামগ্রী ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার রাতেও ব্যবসা শেষে তিনি দোকানে অবস্থান করছিলেন। সাধারণত রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যেই বাড়ি ফিরতেন। তবে রাত ১০টার পরও বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে তার স্ত্রী দোকানে যান।

দোকানে গিয়ে তিনি দেখতে পান, শাটার নামানো থাকলেও তালা দেওয়া ছিল না। পরে ভেতরে ঢুকতেই স্বামীর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং পুলিশে খবর দেয়।

রায়পুরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করে পুলিশের অপরাধ তদন্ত দল (ক্রাইম টিম)।

রায়পুরা থানার ওসি মুজিবুর রহমান জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বা কারা জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ও স্বজনেরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন