ভাঙ্গায় হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ভাঙ্গায় হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ফরিদপুরের ভাঙ্গায় চাঞ্চল্যকর ফাস্ট ফুড দোকান মালিক সুমন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ইব্রাহিম মাতুব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মামলার ৮ নম্বর এজাহারভুক্ত আসামি এবং উপজেলার পূর্বহাসামদিয়া গ্রামের মতি মাতুব্বরের ছেলে।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান।

ওসি জানান, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার গোলচত্বর এলাকা থেকে ইব্রাহিম মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এর আগে একই মামলার ১১ নম্বর এজাহারভুক্ত আসামি ইয়াকুবকে গ্রেপ্তার করা হয়েছিল। এ নিয়ে সুমন হত্যা মামলায় মোট ছয়জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ৩০ জুন রাতে ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় কাপুড়িয়া সদরদী ও মধ্যপাড়া হাসামদিয়া গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ফাস্ট ফুড দোকান মালিক সুমন।

এ ঘটনায় নিহত সুমনের বাবা মিলন শেখ বাদী হয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজিব মাতুব্বরসহ ১১ জনের নাম উল্লেখ করে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার তদন্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন