আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

উত্তর সিটির জনসংযোগ কর্মকর্তা মকবুলকে ছুরিকাঘাত

স্টাফ রিপোর্টার, সাভার

উত্তর সিটির জনসংযোগ কর্মকর্তা মকবুলকে ছুরিকাঘাত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইনকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।

মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে গুলশানের ৯০ নম্বর রোডে ডিএনসিসির রাজস্ব বিভাগের পুরোনো কার্যালয়ে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, মকবুল হোসাইনসহ ঢাকা উত্তর সিটির আরও কয়েকজন কর্মকর্তা ৯০ নম্বর রোডে রাজস্ব বিভাগের পুরোনো কার্যালয়ে অস্থায়ীভাবে করা ব্যাডমিন্টন কোর্টে খেলছিলেন। তখন হেলমেট পরিহিত একজন সেখানে গিয়ে মকবুল হোসেনকে ডেকে নেন। ওই লোকটি মকবুল হোসেনের কাধে হাত রেখে কথা বলতে বলতে কার্যালয়ের বাইরে রাস্তার দিকে নিয়ে যান। এর কিছুক্ষণ পর মকবুল হোসাইন আহত অবস্থায় সবাইকে ডাকাডাকি করলে অন্যরা গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদুল ইসলাম জানান, চিকিৎসকেরা জানিয়েছেন আপাতত রক্ত বন্ধ করার জন্য ওষুধ ও চিকিৎসা দেওয়া হয়েছে। শরীরের কোথাও বড় জখম আছে কী না, রক্তনালী কেটেছে কি না এসব জানতে বুধবার সকালে তাঁর অস্ত্রোপচার করা হবে। তাঁর ডান কাধের নিচে, ডান হাতে কনুইয়ের নিচে এবং বুকে তিন জায়গায় ছুরির আঘাত আছে।

ঢাকা উত্তর সিটির সচিব (প্রধান নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বলেন, বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানানো হয়েছে। আর ঢাকা উত্তর সিটির অঞ্চল-৩ এর নির্বাহী কর্মকর্তাকে থানায় গিয়ে আইনগত পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন