আজ ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহনের ধীরগতি দেখা গেছে। যা একপর্যায়ে দীর্ঘ যানজটে রূপ নেয়। এতে কর্মস্থলগামী মানুষসহ দূরপাল্লার যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্প ইনচার্জ মো. জুলহাস উদ্দিন জানান, গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুটি পৃথক স্থানে সড়ক দুর্ঘটনা এবং একটি যানবাহন বিকল হয়ে পড়ে। এর ফলে মহাসড়কের মেঘনা থেকে সাইনবোর্ড পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। অপরদিকে ঢাকা সিলেট মহাসড়কের রূপসী থেকে কাচপুর সেতু এলাকায়ও দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে শত শত যানবাহন আটকে পড়ে।
তিনি আরও জানান, হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিকল যানবাহনগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেয়। পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

