মাদারীপুরের কালকিনিতে শিখা ওরফে শিমা বেগম নামে ২৩ বছর বয়সী এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ক্ষুদ্রচর গ্রামে এ ঘটনা ঘটে। শিখা একই ইউনিয়নের উত্তর আণ্ডারচর গ্রামের জাহাঙ্গীর ব্যাপারীর মেয়ে।
স্থানীয়রা জানায়, ক্ষুদ্রচর গ্রামের সেলিম হাওলাদারের ছেলে রায়হানের সঙ্গে প্রায় আট বছর আগে শিখার বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে একাধিকবার সালিশ হয়। আজ সকালে স্বামীর ঘরে তার লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেন আশপাশের লোকজন।
নিহতের বাবা জাহাঙ্গীর ব্যাপারী বলেন, আমার মেয়েকে হত্যা করেছে রায়হান। আমরা তার নামে মামলা করবো।
কালকিনি থানার ওসি কেএম সোহেল রানা বলেন, লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে ঘটনার পর থেকে নিহতের স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

