ভোটার তালিকা থেকে ১৬ লাখ মৃত ভোটার প্রথমবারের মতো বাদ যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, এটি প্রথমবারের মতো। এর ফলে ভোটার তালিকা আরও নির্ভুল হবে, যার মাধ্যমে নির্বাচন সুষ্ঠু ও সঠিকভাবে পরিচালিত হবে।
সোমবার দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার নালী বড়রিয়া কৃষ্ণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ভোটার নিবন্ধন হালনাগাদ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এ সময় নির্বাচন কমিশনার বলেন, সবার চাহিদা অনুযায়ী একটি অবাধ নির্বাচন আয়োজন করতেই হবে। পেছনে ফেরার সুযোগ নেই। এজন্য মিডিয়া ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহায়তা কামনা করি।
তিনি আরও জানান, নির্বাচনে কোনো ধরনের কারচুপি বা বিশৃঙ্খলা যেন না হয়, সেজন্য নির্বাচন কমিশন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে। নির্বাচনী সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে যে পরিবর্তন আসবে, সেগুলোর বাস্তবায়ন নিশ্চিত করা হবে।
এ সময় নির্বাচন কমিশনের একান্ত সচিব মো. কামরুজ্জামান, জেলা নির্বাচন অফিসার মো. নাজিম উদ্দিন, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন, ওসি আল মামুন, এসিল্যান্ড এসএম ফয়েজ উদ্দিন আহমেদসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

