ফরিদপুরে সওজের অভিযানে দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ

ফরিদপুরে সওজের অভিযানে দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ

ফরিদপুর সদর উপজেলার ভাঙা রাস্তার মোড় থেকে মুন্সী বাজার পর্যন্ত সড়ক ও জনপথ (সওজ) বিভাগের চার কিলোমিটার সড়কজুড়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও সওজ। সরকারি জায়গা দখলমুক্ত করে সড়ক সম্প্রসারণ ও উন্নয়নকাজ ত্বরান্বিত করার লক্ষ্যে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এতে দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, উচ্ছেদকৃত অংশে একটি নতুন প্রশস্ত আরসিসি (রেইনফোর্সড সিমেন্ট কনক্রিট) সড়ক এবং পানি নিষ্কাশনের জন্য বৃহৎ আকারের ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা হবে। উন্নয়ন প্রকল্পটির কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতেই সওজের জায়গার ওপর গড়ে ওঠা সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।

ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে সড়ক বিভাগ, জেলা পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর বিপুলসংখ্যক সদস্য অংশ নেন।

অভিযানে আরও উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব রহমান আকাশ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. খালিদ সাইফুল্লাহ এবং জেলা পুলিশের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন।

অভিযান সম্পর্কে সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম জানান, সড়ক ও জনপথের জায়গায় অনিয়মতান্ত্রিকভাবে অবস্থান করার বিষয়টি দখলদার ও ব্যবসায়ীরা নিজেরাও স্বীকার করেছেন। ফলে অভিযানকালে কোনো ধরনের বাধা বা অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি। স্থানীয়রা স্বতঃস্ফূর্তভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করায় কাউকে আটক বা কঠোর প্রশাসনিক কোনো পদক্ষেপ নিতে হয়নি।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন বলেন, জেলা প্রশাসন ও সড়ক বিভাগের চাহিদার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট এ অভিযানে কাজ করছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. খালিদ সাইফুল্লাহ বলেন, মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ভাঙা রাস্তার মোড় পর্যন্ত সড়ক বিভাগের যেসব জায়গা অবৈধভাবে দখল করা হয়েছে, সেগুলো উচ্ছেদে আমরা প্রস্তুত। এরই অংশ হিসেবে মঙ্গলবার এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...