‘পিআর পদ্ধতিতে নির্বাচন মানে ফ্যাসিস্টদের প্রতিষ্ঠা’

‘পিআর পদ্ধতিতে নির্বাচন মানে ফ্যাসিস্টদের প্রতিষ্ঠা’

যারা পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছেন, তারা মূলত আবারও ফ্যাসিস্টদের প্রতিষ্ঠিত করতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। তিনি বলেন, এ দেশে কোনোভাবেই তা হতে দেয়া হবে না।

বিজ্ঞাপন

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আসন্ন দুর্গাপূজা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার বলেন, ‘আমরা চাই জনগণের অংশগ্রহণে স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন হোক। যারাই মানুষের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে, আমরা তাদের মেনে নেব। কিন্তু পিআরের নামে যারা নির্বাচন প্রক্রিয়া বানচাল করে ফ্যাসিস্টদের প্রতিষ্ঠিত করতে চায়, তা আমরা কখনোই হতে দেব না।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের পূজা নির্বিঘ্নে উদ্‌যাপনের জন্য বিএনপির প্রতিটি নেতা-কর্মীকে প্রতিটি পূজা মণ্ডপে সহযোগিতার হাত বাড়াতে হবে।

সভায় শতাধিক হিন্দু ধর্মাবলম্বীর মাঝে পূজার উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুর রহমান বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, মাদারীপুর জেলা পূজা উদ্‌যাপন ফ্রন্টের সদস্য সচিব অসিম হালদার, যুগ্ম-আহ্বায়ক অনুপম পাত্র, কালকিনি উপজেলা পূজা উদ্‌যাপন ফ্রন্টের সভাপতি স্যামা প্রসাদ পাল, সাধারণ সম্পাদক প্রমথসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন