অভিনব কৌশলে

মির্জাপুরে তিন প্রতারক হাতিয়ে নিল দেড় লাখ টাকা

মির্জাপুরে তিন প্রতারক হাতিয়ে নিল দেড় লাখ টাকা
ছবি: আমার দেশ

টাঙ্গাইলের মির্জাপুরে ভদ্রবেশে একটি বিকাশের দোকান থেকে চোখের পলকে নগদ দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তিন সদস্যের একটি প্রতারক চক্রের বিরুদ্ধে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কলেজ রোডের পুরাতন শহীদ মিনারসংলগ্ন জাকির হোসেনের বিকাশের দোকানে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিকাশের দোকানি জাকির হোসেন জানান, ঘটনার সময় ভদ্রবেশী এক যুবক দোকানে এসে ৫০ টাকার একটি রিচার্জ কার্ড চান। কিছুক্ষণ পর আরও দুই যুবক দোকানে প্রবেশ করেন। একপর্যায়ে তারা দোকানের মেঝেতে কয়েকটি রিচার্জ কার্ড পড়ে থাকতে দেখেন এবং সেগুলো কার এমন প্রশ্ন করেন।

পরে মেঝেতে পড়ে থাকা কার্ডগুলো দেখার জন্য দোকানি জাকির হোসেনসহ দুই যুবক নিচু হয়ে ঝুঁকে পড়েন। িই সুযোগে প্রতারক চক্রের অপর এক সদস্য ক্যাশে থাকা নগদ দেড় লাখ টাকা কৌশলে হাতিয়ে নিয়ে দ্রুত সটকে পড়েন।

জাকির হোসেন আরও বলেন, পুরো ঘটনাটি মাত্র কয়েক মিনিটের মধ্যে ঘটে। পরে ক্যাশে টাকা না থাকার বিষয়টি বুঝতে পেরে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে মির্জাপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রমিজ রায়হান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আশপাশের বিভিন্ন স্থাপনায় থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। প্রতারকদের গ্রেপ্তার ও হাতিয়ে নেওয়া টাকা উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন