গাজীপুরের টঙ্গীতে বাসা থেকে ডেকে নিয়ে রফিকুল ইসলাম জয় হত্যার বিচার ও হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেপ্তারের দাবিতে রেলওয়ে স্টেশনে ট্রেন আটকে বিক্ষোভ করেছেন নিহতের স্বজনেরা। এ সময় নেত্রকোনার জারিয়া স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা এক্সপ্রেস লোকাল ট্রেনটির চলাচলে ব্যাঘাত ঘটে।
ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যায় দিকে টঙ্গী রেলওয়ে স্টেশনে।
এলাকাবাসীরা জানান, বলাকা এক্সপ্রেস লোকাল ট্রেনটি সন্ধ্যা ৬টা ২০ মিনিটে টঙ্গী রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। এ সময় রফিকুল ইসলাম জয়ের স্বজন ও ব্যাংকের মাঠবস্তির শতাধিক বিক্ষুব্ধ লোকজন স্টেশনে দাঁড়িয়ে থাকা বলাকা ট্রেনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে জয় হত্যাকাণ্ডের বিচার ও জড়িত আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। এ ঘটনায় সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় নির্ধারিত থাকলেও বিক্ষোভের কারণে ১০ মিনিট বিলম্বে ট্রেনটি ঢাকা অভিমুখে ছেড়ে যায়। বিক্ষুব্ধরা ট্রেনটি আটকে বিক্ষোভ করায় ট্রেনটি নির্ধারিত সময়ের ১০ মিনিট বিলম্বে টঙ্গী রেলওয়ে জংশন ত্যাগ করে।
এ ব্যাপারে টঙ্গী রেলওয়ে স্টেশনমাস্টার মোহাম্মদ এরশাদ উল্লাহ বলেন, ‘যুবক হত্যার বিচারের দাবিতে বিক্ষোভকারীরা নেত্রকোনা থেকে ঢাকাগামী বলাকা এক্সপ্রেস লোকাল ট্রেনটি ঘিরে বিক্ষোভ করায় ১০ মিনিট বিলম্বে ট্রেনটি ছাড়তে হয়েছে।’
এ বিষয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নূর আলম হোসেন বলেন, ‘ট্রেনটি রেলওয়ে স্টেশনে থামার পর বিক্ষুব্ধরা ট্রেনের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।’
উল্লেখ্য গত ২৮ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাত ১১টায় টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে বাসা থেকে ডেকে নিয়ে রফিকুল ইসলাম জয়কে (২৩) কুপিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত। পরে ওই দিন রাত পৌনে একটার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন কালভার্ট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

