দীর্ঘ ২২ বছর পর গঠিত হয় নরসিংদী জেলার বেলাব উপজেলা ছাত্রদলের কমিটি। গত ৬ এপ্রিল ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত প্যাডে আশিক সুজন মামুনকে বেলাবো উপজেলা ছাত্রদলের সভাপতি ও মোয়াজ্জেম হোসেনকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
এ চিঠিতে বলা হয় আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য। কিন্তু কমিটি গঠনের পর থেকেই নতুন কমিটির সভাপতিকে নিয়ে ছাত্রদলের পদবঞ্চিত নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সভাপতি আশিক সুজন মামুন বিবাহিত এবং রাজনীতিতে সক্রিয় নয়- এমন লেখালেখি করে কমিটি বাতিলের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি জানায় সক্রিয় নেতারা।
এরই প্রেক্ষিতে ৭ এপ্রিল (মঙ্গলবার) ছাত্রদলের পদবঞ্চিত নেতারা বেলাব বাজার কলেজ রোডে টায়ারে আগুন জ্বালিয়ে নবগঠিত কমিটির বিরুদ্ধে প্রতিবাদ করে।
এই খবর জানতে পেরে বেলাব থানা অফিসার ইনচার্জ এস এম আমানুল্লাহ পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে পদ বঞ্চিতরা ছত্রভঙ্গ হয়ে যায় বলে তিনি জানান।
এ বিষয়ে ছাত্রদল নবগঠিত কমিটির সভাপতি আশিক সুজন মামুন জানান, আমি রাজনীতিতে দীর্ঘদিন যাবৎ সক্রিয়। আওয়ামী লীগ সরকারের আমলে আমি রাজপথে থেকে আন্দোলনে অংশগ্রহণ করেছি। এ ছাড়া আমি নরসিংদী জেলার কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। দলের প্রতি আমার দায়িত্ববোধ ও আমার কার্যক্রম দেখে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ আমাকে বেলাবো উপজেলা ছাত্রদলের সভাপতি করেন। এ কারণে আমার প্রতিপক্ষরা যারা ছাত্রদলের সভাপতি হতে চেয়েছিল তারা কিছু ভাড়াটিয়া লোকদের নিয়ে বেলাবো বাজারের কলেজ রোডে টায়ারে আগুন লাগিয়েছে শুনেছি।
আরেকটি পক্ষ আমি বিবাহিত এ রকম মিথ্যা অপবাদ দিয়ে এআই দিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। সত্যিকার অর্থে এগুলো ভুয়া এবং অপপ্রচার। আমি বিয়ে করিনি। যারা এসব করছে আমি তাদের বিচার চাই এবং নিন্দা জানাচ্ছি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

