মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

ফরিদপুরের সদরপুর উপজেলায় মাদক সেবনের দায়ে চারজনকে নগদ ২৫০ টাকা করে জরিমানা ও এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পলাশ উদ্দিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার পশ্চিম শ্যামপুর গ্রামের জহুরুল হক ফকির (৬০), করিম মিয়া (৪৬), ফিরোজ খলিফা (৪৮) এবং সাড়েসাতরশি গ্রামের ইমরান সর্দার (২৯)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মাদক সেবনের অভিযোগে ওই চারজনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে শুনানি শেষে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ২৫০ টাকা জরিমানার আদেশ দেন। এ সময় জব্দকৃত মাদক গাঁজা পুড়িয়ে ধ্বংস করা হয়।

সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পলাশ উদ্দিন বলেন, মাদকের বিস্তার রোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হবে। মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন