সখিপুরে মাদরাসার ২৮ শিক্ষার্থী একসঙ্গে অসুস্থ, এলাকায় আতঙ্ক

সখিপুরে মাদরাসার ২৮ শিক্ষার্থী একসঙ্গে অসুস্থ, এলাকায় আতঙ্ক

টাঙ্গাইলের সখিপুরের আড়াইপাড়া এলাকার আল কুরআন আইডিয়াল মাদ্রাসায় রহস্যজনক এক ঘটনায় একসঙ্গে ২৮ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এ ঘটনায় এক শিক্ষার্থী ও এক অভিভাবককে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসা ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার কিছুক্ষণ আগে এক অজ্ঞাতপরিচয় ভিক্ষুক মাদ্রাসায় এসে ভিক্ষা চান। তিনি চলে যাওয়ার প্রায় ২০ মিনিট পর প্লে শ্রেণির শিক্ষার্থীরা একে একে অসুস্থ হয়ে পড়ে। কারও মাথা ঘোরে, কারও অস্বাভাবিক আচরণ দেখা যায়, আবার কেউ কান্নাকাটি ও দুর্বলতায় আক্রান্ত হয়। একপর্যায়ে মাদ্রাসাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অসুস্থদের মধ্যে শিক্ষার্থী শাহরিন এবং অভিভাবক চৈতির (২৫) শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের দ্রুত সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্য শিক্ষার্থীদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শাহরিনের বাবা মো. শহিদুল ইসলাম বলেন, “একজন অজ্ঞাত ভিক্ষুক মাদ্রাসায় এসেছিলেন। আমি তাঁকে টাকা দিয়েছি। তিনি চলে যাওয়ার প্রায় ২০ মিনিট পর থেকেই একের পর এক শিক্ষার্থী অসুস্থ হতে শুরু করে। আমার ধারণা, তিনি কোনো নেশাজাতীয় বা অজানা কিছু প্রয়োগ করে থাকতে পারেন। তবে এটি আমার ব্যক্তিগত ধারণা। প্রকৃত ঘটনা তদন্ত করে বের করা উচিত।”

মাদ্রাসার শিক্ষক মাওলানা সাহেদ বলেন, “হঠাৎ করেই এত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় সবাই আতঙ্কিত হয়ে পড়ে। শিক্ষার্থীদের মধ্যে যে উপসর্গ দেখা গেছে, তা নেশাজাতীয় কিছু গ্রহণের পর দেখা দেওয়া উপসর্গের মতো মনে হয়েছে। তবে এটি আমাদের পর্যবেক্ষণ মাত্র। প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে উদ্ঘাটন হওয়া প্রয়োজন।”

সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, হাসপাতালে ভর্তি দুজনের চিকিৎসা চলছে। অসুস্থতার প্রকৃত কারণ নির্ণয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, “এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন