পদ্মার এক কাতল বিক্রি হলো ৭৩ হাজার ৫০০ টাকায়

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

পদ্মার এক কাতল বিক্রি হলো ৭৩ হাজার ৫০০ টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ধরা পড়েছে ৩৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কাতল মাছ। পরে মাছটি ৭৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার দিবাগত রাতে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের ভাটির কলাবাগান এলাকায় পদ্মা নদীতে জাল ফেলেন জেলে জমির হালদার ও তার সহযোগীরা। ভোররাতে জালে অস্বাভাবিক টান অনুভব করলে তারা সেটি তুলে দেখেন, ধরা পড়েছে বড় আকৃতির একটি কাতল। মাছটির ওজন ৩৫ কেজি।

বিজ্ঞাপন

রোববার সকালে মাছটি দৌলতদিয়া ফেরিঘাটের হালিমের আড়তে আনা হলে সেটি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। পরে উন্মুক্ত নিলামে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ প্রতি কেজি ২ হাজার টাকা দরে মোট ৭০ হাজার টাকায় মাছটি কিনে নেন। পরে প্রতি কেজিতে ১০০ টাকা লাভ ধরে ২ হাজার ১০০ টাকা দরে খুলনায় অবস্থানরত এক জার্মানি প্রবাসীর কাছে মাছটি ৭৩ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন।

সম্রাট শাহজাহান শেখ বলেন, খুলনায় অবস্থানরত ওই প্রবাসী আগে থেকেই পদ্মার বড় কাতল মাছ সংগ্রহ করে রাখার অনুরোধ করেছিলেন। তাই দাম বেশি হলেও মাছটি কিনেছিলেন। পদ্মার বড় মাছের চাহিদা থাকায় শেষ পর্যন্ত ভালো দামেই বিক্রি করা সম্ভব হয়েছে।

গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, ইলিশ আহরণে মৌসুমি নিষেধাজ্ঞার কারণে বর্তমানে নদীর অন্যান্য বড় মাছ বেড়ে ওঠার সুযোগ পাচ্ছে। এ কারণে কাতল, রুই, বোয়াল, বাগাড়সহ বিভিন্ন প্রজাতির বড় মাছ ধরা পড়ছে। তিনি বলেন, নদীতে স্থায়ী অভয়াশ্রম গড়ে তোলা গেলে ভবিষ্যতে আরও বেশি বড় আকারের মাছ পাওয়া যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...