কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় পুলিশি হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার প্রায় ১০ ঘণ্টা পর রেনু মিয়া নামের এক স্থানীয় আওয়ামী লীগ নেতাকে পুনরায় গ্রেপ্তার করেছে কুলিয়ারচর থানা পুলিশ।
সোমবার রাত ১০টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাধবদী গ্রামের নিজ এলাকা থেকেই তাকে হাতকড়া দেওয়া অবস্থায় আটক করা হয়।
রেনু মিয়া ছয়সূতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন । এর আগে সোমবার দুপুরে একই এলাকায় তার নিজস্ব বাড়িতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করেছিল পুলিশ। কিন্তু সুযোগ নিয়ে তিনি চতুরতার সঙ্গে পুলিশের নজর এড়িয়ে হাতকড়াসহ পালিয়ে যেতে সক্ষম হন।
ঘটনার পর থেকেই পলাতক আসামিকে ধরতে স্থানীয় প্রশাসন এবং পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করে । অবশেষে ওই রাতেই তাকে পুনরায় আইনের আওতায় আনতে সক্ষম হয় পুলিশ প্রশাসন।
কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবশেষে সোমবার দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে রাত সাড়ে ৯টার দিকে মাধবদী গ্রাম থেকে রেনু মিয়াকে হাতকড়া পরিহিত অবস্থায় আটক করে থানায় আনা হয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

