ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-০৭ (মির্জাপুর) আসনে মোট ১২৬টি ভোটকেন্দ্র রয়েছে। এরমধ্যে ১২টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
উপজেলা নির্বাচন সূত্রে জানা যায়, একটি প্রথম শ্রেণির মির্জাপুর পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত টাঙ্গাইল-৭ সংসদীয় নির্বাচনি আসন। এই উপজেলায় ১২৬টি ভোটকেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইতোমধ্যে কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন সম্পন্ন করা হয়েছে। আসনটিতে নারী-পুরুষ, তৃতীয় লিঙ্গ ও পোস্টাল ব্যালটসহ মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৪৩৭ জন।
টাঙ্গাইল-০৭ (মির্জাপুর) আসনে সংসদীয় আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে লড়বেন সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে জেলা জামায়াতের শিক্ষা সম্পাদক মাওলানা আব্দুল্লাহ এবনে আবুল হোসেন, বাংলাদেশ রিপাবলিকান পার্টি মনোনীত প্রার্থী হাতি মার্কা নিয়ে নির্বাচন করবেন তোফাজ্জল হোসেন।
মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত।
মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সুরাইয়া ইয়াসমিন জানান, প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ইতোমধ্যে সবগুলো কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আশা করছি ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

